‘মাসুদ রানা’য় হলিউড-বলিউডের তারকা, বাজেট ৮৩ কোটি টাকা

দুর্ধর্ষ গোয়েন্দা মাসুদ রানাকে নিয়ে সিনেমার নতুন তথ্য দিলো জাজ মাল্টিমিডিয়া। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সিনেমাটিতে থাকছে একাধিক চমক। ঢাকার তারকাদের পাশাপাশি থাকছেন হলিউড-বলিউডের অভিনয়শিল্পী।

সোমবার দুপুরে এক ফেসবুক পোস্টে জাজের পক্ষ থেকে বলা হয়, ‘মাসুদ রানা’র বাজেট হবে ১০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ কোটি টাকা।

প্রতিষ্ঠানটি জানায়, “মাসুদ রানা এখন শুধু আর বাঙালির মাঝে সীমাবদ্ধ থাকছে না। ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। কারণ সম্পূর্ণ সিনেমাটি তৈরি হচ্ছে হলিউডে এবং রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড। সিনেমাটি দুটি ভাষায় তৈরি হবে- বাংলা ও ইংলিশ। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কলকাতায়। আর সারা বিশ্বে এক যোগে ইংরেজি ভাষায় মুক্তি পাবে। তবে বাংলাদেশ ও কলকাতার মাল্টিপ্লেক্স গুলোতেও ইংরেজি ভাষার সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।”

সিনেমার বিপণন পরিকল্পনা সম্পর্কে বলা হচ্ছে, “মাসুদ রানা’ নিয়ে আমাদের মার্কেটিং প্ল্যান অন্যরকম। এই প্রথম হলিউডের মুভিতে একজন মুসলমান স্পাইকে দেখা যাবে মূল চরিত্রে। তাই আমাদের মার্কেটিং প্ল্যান থাকবে, মাসুদ রানাকে বিশ্বের অন্যতম সেরা মুসলিম স্পাই হিসেবে জনপ্রিয় করা। পৃথিবীর মোট জনসংখ্যার ২৪.১% মুসলমান। অর্থাৎ ১.৮ বিলিয়ন মুসলমান। যদি ১০% মুসলমানও এই সিনেমাটি দেখে তাহলে ১৮০ মিলিয়ন লোক এই সিনেমা দেখবে। আমরা এটি অর্জন করতে চাই। আর এটাই হবে আমাদের মার্কেটিং পলিসির মূল লক্ষ্য।”

কাজী আনোয়ার হোসেনের লেখা ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম তিনটি উপন্যাসের কপিরাইট কিনেছে জাজ। ছবির চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। পরিচালনা করবেন আসিফ আকবর।

চিত্রনাট্য নিয়ে বলা হয়, “হলিউডের প্রফেশনাল স্ক্রিপ্টরাইটার মুভি ক্রিটিকরা অনেক ফাইন টিউন করে হলিউড স্ট্যান্ডার্ডের একটি স্ক্রিপ্ট তৈরি করেছে। এর পর সিআইএ’র প্রাক্তন একজন স্পাই মাসুদ রানার প্রজেক্ট উপদেষ্টা হিসাবে কাজ করেছে। যাতে মাসুদ রানার লুক সত্যিকারের একজন স্পাইয়ের মতো হয়। ‘মাসুদ রানা’র শুটিং হবে- মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা।”

ছবির চিত্রগ্রহণ ও অ্যাকশন পরিচালক আসছে হলিউড থেকে। গুরুত্বপূর্ণ চরিত্রে কয়েকজন হলিউড অভিনেতা থাকছেন। তবে জানানো হয়নি মাসুদ রানা, রূপা, সুলতা, রাহাত খান, কবির চৌধুরীর মতো কেন্দ্রীয় চরিত্রে কারা থাকছে। সুলতা চরিত্রে থাকতে পারেন বলিউডের কোনো তারকা। আর মাসুদ রানা খুঁজে বের করা হচ্ছে রিয়্যালিটি শো’র মাধ্যমে।