বগুড়ার শাজাহানপুরে এক কেজি হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ী মুকুল আলী ওরফে মুকুল হোসেনের (৩৬) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে তার ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুকুল আলী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাড়ইপাড়ার হাসান আলীর ছেলে। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আনিছুর রহমানের বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসা করতেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুস সালাম সাগর জানান, গত ২০১৭ সালের ২৪ অক্টোবর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাদকবিরোধী দল রাত সোয়া ৮টায় ওই ভাড়ার বাড়িতে অভিযান চালায়। এসময় এক কেজি হেরোইনসহ আটক হয় মুকুল।
ওই রাতেই এপিবিএন’র উপপরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানি শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন।