সান ডিয়েগো কমিক কনে রোববার সুপারহিরো ভক্তদের প্রত্যাশার ঝুলি যেন উপচে পড়েছে। রুশো ব্রাদার্সকে সঙ্গে নিয়ে মার্ভেল স্টুডিও’র প্রেসিডেন্ট কেভিন ফ্রেইগ ঘোষণা করলেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের চতুর্থ পর্যায়।
অ্যাভেঞ্জার্সদের প্রধান মুখগুলোকে দেখা যাবে না এই পর্যায়ে। কিন্তু চমকের কমতি নেই। বড়পর্দার পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্মে সুপারহিরোরা দাপিয়ে বেড়াবেন। আর প্রথমবারের মতো মার্ভেলে যোগ হচ্ছে অ্যানিমেটেড সিরিজ।
মাত্র কয়েক দিন আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সর্বকালের শীর্ষ আয়ের তালিকায় এক নম্বর সিনেমার স্থান দখল করেছে। নতুন ঘোষণা তাতে বাড়তি জ্বালানি হিসেবে কাজ করছে।
মার্ভেল স্টুডিও’র নতুন চমক হিসেবে এই পর্যায়ে আসছে ‘দ্য ইটারনালস’। ২০২০ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। চলো জাওয়ের পরিচালনায় অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা জোলি, রিচার্ড মাডেন, কুমাইল নানজিয়ানি, লরেন রিডলফ, সালমা হায়েক, ডন লি’সহ অনেকে।
শরতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে শুরু হবে ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’। অরিজিনাল সিরিজটিতে অভিনয় করবেন অ্যান্থনি ম্যাকি, সেবিস্টিয়ান স্টান ও ডেনিয়েল ব্রুল।
২০২১ সালে ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘স্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’। ডেস্টিন ডেনিয়েল ক্রিটনের পরিচালনায় অভিনয় করবেন সিমু লিউ, অ্যাকওয়াফিনা ও টনি লেং।
২০২১ সালের বসন্তে ডিজনি প্লাসে শুরু হবে অরিজিনাল সিরিজ ‘ওয়ান্ডাভিশন’। এতে থাকছেন অ্যাভেঞ্জার্স সিরিজের পরিচিত মুখ এলিজাবেথ ওলসন ও পল বিটানি। বাদ থাকবে কেন ‘লোকি’? একই স্ট্রিমিং প্ল্যাটফর্মে বসন্তে অরিজিনাল সিরিজে দেখা দেবেন টম হিডলস্টন।
আবারও একক সিনেমায় ফিরবে ডক্টর স্ট্রেঞ্জ। ২০২১ সালের ৭ মে মুক্তি প্রতীক্ষিত সেই সিনেমার নাম ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। বেনেডিক্ট ক্যাম্বারব্যাচের সঙ্গে থাকছেন এলিজাবেথ ওলসন। আগের পর্বের মতোই পরিচালনা করবেন স্কট ডেরিকসন।
২০২১ সালের গ্রীষ্মে নতুন চমক দেখা যাবে ডিজনি প্লাসে। প্রথমবারের মতো অ্যানিমেটেড সিরিজ যোগ হবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে। এই সিরিজের নাম ‘হোয়াট ইফ..?’। দ্য ওয়াচারের কণ্ঠ দেবেন জেফরি রাইট। এ ছাড়া প্রধান প্রধান সুপারহিরোদের কণ্ঠে শোনা যাবে অ্যাভেঞ্জার্স সিরিজের তারকাদের।
শরতে হাজির হবেন জেরেমি রেনার। তাকে দেখা যাবে ‘হকাই’-এর অরিজিনাল সিরিজে, অবশ্যই ডিজনি প্লাসে।
ক্রিস হেমসওয়র্থ, টিসা থম্পসন ও নাটালি পোর্টম্যান আসবেন ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ নিয়ে। বজ্রের দেবতাকে আবারও পরিচালনা করবেন তাইকা ওয়াইটিটি। মুক্তি পাবে ২০২১ সালের ৫ নভেম্বর।
‘ব্ল্যাক উইডো’র একক সিনেমা নিয়ে স্কারলেট জোহানসন আসবেন ২০২০ সালের ১ মে। কেট শর্টল্যান্ডের পরিচালনায় আরও অভিনয় করবেন ও-টি ফাগবেনলে ও র্যাচেল ভাইস।
মাহেরশালা আলীকে দেখা যাবে ‘ব্ল্যাড’ সিনেমায়। ‘গ্রিন বুক’ ও ‘মুন লাইট’ সিনেমার জন্য অস্কার জয়ী তারকা কমিক কনের মঞ্চে সিনেমার লুক নিয়ে হাজির হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। দর্শকেরা মার্ভেলের সিনেমায় কী চায় তিনি জানেন উল্লেখ করেন বলেন, “আমি দশগুণ পরিশ্রম করতে যাচ্ছি।”