মার্কিন টেনিস তারকা অ্যালিসন রিস্কে। বেশ ধুমধাম করেই সেরে ফেললেন বিয়ে। মজার ব্যাপার হলো যে, নিজের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের সামনে নাচলেন নিজেই। তাও আবার বলিউড গানের তালে তালে। নিজের বিয়েতে বলিউড গানের তালে নৃত্যরত অ্যালিসন রিস্কের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে অনলাইন দুনিয়ায়।
দীর্ঘ দিনের বন্ধু স্টিফেন অমৃতরাজের সঙ্গে গত রবিবার বিয়ে হল অ্যালিসনের। তার নাচ দেখে শাবাশ জানিয়ে টুইট করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও।
অ্যালিসন এই মুহূর্তে মহিলাদের টেনিস র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে রয়েছেন। এ বছর উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে উঠে তিনি হেরে যান সেরেনা উইলিয়ামসের কাছে।
রবিবার অ্যালিসন-স্টিফেনের বিয়ের পার্টি ছিল আমেরিকার পিটার্সবার্গে। সেখানেই ‘বারবার দেখো’ গানের তালে কনের পোশাকে নাচতে দেখা যায় মার্কিন সুন্দরীকে। এই নাচের ভিডিও আপলোড হয়ে যায় মুহূর্তে। কিছু পরেই সানিয়া মির্জা টুইটে লেখেন ‘আমি তোমার নাচ দেখে অভিভূত। তোমাকে আর স্টিফেনকে অনেক শুভেচ্ছা।’