পারস্য উপসাগরে যুক্তরাজ্যের দুটি তেলবাহী ট্যাংকার ইরান জব্দ করার পর সৃষ্ট উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে ইরানের একটি ট্যাংকার জব্দ করে যুক্তরাজ্য। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান যুক্তরাজ্যের দুটি ট্যাংকার জব্দ করায় জ্বালানি তেলের সরবরাহ কমার আশঙ্কা থেকে মজুদ বাড়াচ্ছে দেশগুলো। এ পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দর ২ শতাংশের বেশি বেড়ে গেছে।
আন্তর্জাতিক বাজারে গতকাল প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ৬৪ ডলার ২ সেন্টে। ব্রেন্টের দর বাড়ার পাশাপাশি সোমবার যুক্তরাষ্ট্রে উৎপাদিত তেলের দাম বেড়ে ঠেকে ৫৬ ডলার ৮৩ সেন্টে।
উপসাগরীয় অঞ্চলের হরমুজ প্রণালিতে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার স্টেনা ইমপেরো গত শুক্রবার জব্দ করেছে ইরান। এ নিয়ে যুক্তরাজ্য ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জাহাজটি মুক্ত করে দেওয়া না হলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের রাজকীয় নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালির জলসীমা থেকে সিরিয়াগামী একটি অপরিশোধিত তেলবাহী ইরানি ট্যাংকার জব্দ করে।