দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বিশ্বের শক্তিশালী অনেক দেশে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি হলেও বাংলাদেশে তা হয়নি। আল্লাহর রহমত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ব্যাপক প্রস্তুতির কারণেই এমনটি সম্ভব হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গরিলাবাড়ী বাঁধ এলাকায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই সময় তিনি বলেন, সারা দেশে দুর্গত মানুষের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যার পর শুরু হবে পুর্নবাসনের কাজ।
বাংলাদেশের তিন কোটি ৭০ লাখ সংখ্যালঘুর নিখোঁজ হওয়া নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বক্তব্যের সমালোচনা করেন ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র অব্যাহত আছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগ করা তারই অংশ।’
ত্রাণ বিতরন অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, টাঙ্গাইলের কালিহাতীর উপজেলায় বন্যা ও নদী ভাঙন প্রতিরোধ করতে ২৩৩ কোটি টাকা ব্যয়ে শক্তিশালী বাঁধ নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব শাহ কামাল, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন। এতে সহস্রাধিক দুগর্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।