ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

লক্ষ্মীপুরের রায়পুর মাতৃছায়া হাসপাতালে ভুল চিকিৎসায় আলী হায়দার (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের আত্মীয়-স্বজনরা মাতৃছায়া হাসপাতাল ভাঙচুর করেছে।

সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলী হায়দার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের হাবিব উল্লাহর ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহত রোগীর স্বজনরা জানায়, বিকেল ৩টার দিকে স্থানীয় মরকম আলী সর্দার বাড়ী সংলগ্ন দোকানে চা-পানরত অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর মাতৃছায়া হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের চিকিৎসক সৈয়দ সাখাওয়াত হোসেন রোগীর ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার চিকিৎসা দেন। রাতেই রোগীর শারীরিক অবস্থার অবনতিতে চাঁদপুর ডায়রিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

পরে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে রায়পুরের মাতৃছায়া হাসপাতালে এসে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোগীর স্বজন মো. হারুন জানান, স্ট্রোকের রোগীকে ডায়রিয়ার চিকিৎসা দেয়ায় আলী হায়দার মারা গেছে।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপক তুহিন চৌধুরী জানান, আলী হায়দার নামে এক ডায়রিয়া রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। রাতে হঠাৎ এম্বুলেন্সযোগে ১০/১৫ জন লোক এসে হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া জানান, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।