সিরাজগঞ্জের সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমি মাদ্রাসার কাছে মঙ্গলবার ভোরে ছেলেধরা সন্দেহে এলাকাবাসী আলম (৩৫) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গুরুতর আহত আলম সদর উপজেলার পৌর এলাকার গয়লা বটতলা মহল্লার আব্দুর রহিমের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মাহমুদ জুয়েল জানান, এ দিন ভোরে আলম নামে ওই যুবক ওই মাদ্রাসার জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ঘুমন্ত শিশু শিক্ষার্থীরা তাকে দেখে ভয়ে চিৎকার শুরু করে। এ সময় গ্রামবাসী ও অন্যান্য শিক্ষার্থীরা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। এরা হল ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের মো. আয়নাল, মোকলেছুর রহমান ও আব্দুল আউয়াল।
তিনি জানান, ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত আলম আসলে একজন ছিঁচকে চোর ও মাদকাসক্ত ব্যক্তি। এলাকাবাসী সন্দেহের বসে এ গণপিটুনি দিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।