বরিশাল নগরীতে মাদকদ্রব্য কিনতে গিয়ে পুলিশের এক কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বুধবার রাতে নগরীর কেডিসি আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম তানহাদ আহমেদ নীরব (২৬)। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের রেশন স্টোরে কর্মরত ছিলেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে কেডিসি কলোনি এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে তানহাদ আহমেদ নীরবকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে জানা যায়, আটক ব্যক্তি বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন কর্মরত কনস্টেবল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
