উখিয়ায় ‘ইয়াবা ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানী এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে ইনানী পুলিশ প্রত্যক্ষদর্শীর খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর খবরের ভিত্তিতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি (উপপরিদর্শক) সিদ্ধার্থ জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীর ইনানী মেরিন ড্রাইভের পাশে একটি গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। এরপর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, প্রত্যক্ষদর্শী মতে প্রাথমিকভাবে লাশটি পরিচয় শনাক্ত করা গেছে, তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শামশুল আলম সিকদারের ছেলে নজরুল সিকদার (৩৫)। তাদের মধ্যে ইয়াবা সংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের গুলিতে হয়তো তিনি মারা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, ইনানী মেরিন ড্রাইভ এলাকা থেকে সকাল ৯টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে থানার একাধিক মাদকের মামলা রয়েছে।