নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন বরিস জনসন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। টেরিজা মে’র পদত্যাগের ঘোষণার পর প্রায় দুই মাসের ভোটাভুটির আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে বরিস জনসনকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।

দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে টপকে জনসন একই সঙ্গে কনজারভেটিভ নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ।

এর আগে সোমবার বিকেল পর্যন্ত জেরেমি হান্ট ও বরিস জনসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। তাদের মধ্যে একজনকে জয়ী করতে ভোট দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এক লাখ ৬০ হাজার নিবন্ধিত সমর্থক।

২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে তিনি ব্রিটেন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এদিন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেবেন টেরিজা মে। সেইসঙ্গে সরকার গঠনের অনুমতি নেবেন লন্ডনের সাবেক মেয়র জনসন।

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় স্বীকার করে ৭ জুন পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। এরপরই তার উত্তরাধিকারী হিসেবে আলোচনায় উঠে আসেন বরিস জনসন।