রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমা হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করেছে দলটি। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দলের নেতাকর্মীরা উপজেলা সদরের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। বেলা ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস কাউন্টারগুলো বন্ধ ছিল। এ সময় অন্য যানবাহনও চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
ওই সময় বন্ধ ছিল সব ধরনের দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।
গত সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদরে যাওয়ার পথে মংমংকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতিকে দায়ী করছে আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর গতকাল দুপুরে বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। দলের দায়িত্বশীলরা কাজ করছেন।’