মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের হৃদয়জুড়ে শুধুই প্রিয়াঙ্কা চোপড়া। একথা স্ত্রীর জন্মদিনে প্রকাশ্যে বলেছিলেন ২৬ বছরের নিক। ১৮ জুলাই ছিল প্রিয়াঙ্কার ৩৭তম জন্মদিন। ছিল স্ত্রীর প্রতি নিকের হৃদয়ছোঁয়া ক্যাপশন, ‘আমার আলো। আমার হৃদয়জুড়ে তুমিই। শুভ জন্মদিন। আই লাভ ইউ বেবি।’
প্রিয়াঙ্কাকে শুধু কথা দিয়েই ভোলাননি নিক। বিশেষ দিনটিকে আরও বর্ণময় করে তুলেছেন তারা। এখনো সেই ছবি অন্তর্জালে ঘুরছে। উদযাপন বোধ হয় সহজে শেষ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মায়ামিতে পারিবারিকভাবে বিশেষ দিনটি উদযাপন করেছেন। সেই উদযাপনে যোগ দিয়েছিলেন মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়া। নিকের পরিবারের লোকজন তো ছিলেনই। বেশ কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছিল। এবার একটি ছবি প্রত্যেকের মনোযোগ কেড়ে নিল। সোশ্যালে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কাকে ধাক্কা মেরে সমুদ্রের জলে ফেলে দিচ্ছেন নিক! বোঝাই যাচ্ছে, জন্মদিনে বেশ মজায় মেতে উঠেছিলেন দুজন।
বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অবশ্য প্রায়ই তিনি নিজ দেশ ভারতে যান। বলিউডের চেয়ে হলিউডি সিনেমার কাজ নিয়ে ইদানীং ব্যস্ততা বেশি তার। দীর্ঘদিন পর ‘দ্য স্কাই ইজ পিংক’ দিয়ে বলিউডি সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তদের আর তর সইছে না। এরই মধ্যে প্রিয়াঙ্কার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। নিজের অংশের শুটিং শেষ করেছেন কোয়ান্টিকো তারকা। এর আগে প্রতিবেদনে বলা হয়েছিল, এ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকে চারটি ভিন্ন লুকে দেখা যাবে। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। ২১ বছর বয়সে তিনি মারা যান। এতে আরও রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, যিনি সম্প্রতি তার পেশা ‘ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’ বলে বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন। আরও জানিয়েছেন, এ ছবির প্রচারেও অংশ নেবেন না। এ ছবিতে আরও রয়েছেন নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। ১১ অক্টোবর বড়পর্দায় উঠবে ছবিটি।