হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।  তাদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, উপজেলার সুদিয়ারখলা গ্রামের দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের ইসমাইল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার দুপুরে ইসমাইল মিয়া ওই জমি দখল করতে গেলে দুলাল মিয়া বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে  দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে  নারীসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় সাধারণ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হবিগঞ্জ হাসপাতালে আনা হলে গুরুতর আহত সজিব, সেলিম ও কিম্মত আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হবিগঞ্জ হাসপাতালের চিকিৎসক দেবাশীষ জানান, হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জনের  অবস্থা শঙ্কামুক্ত। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ মো. নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি।