ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে (১৫) ‘চেতনানাশক’ নিক্ষেপের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সোনাগাজীর জাবেদ চৌধুরী সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি সিগারেট কোম্পানির বিক্রয় সুপারভাইজার ও চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের মোহাম্মদ উল্যাহকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার শিকার ওই ছাত্রীকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ঘটনার শিকার ছাত্রী ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টার দিকে সুজাপুর গ্রামের বাসিন্দা ও সোনাগাজী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়তে জাবেদ চৌধুরী সড়কে গেলে দুজন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে বোতল থেকে তরল জাতীয় পদার্থ নিক্ষেপ করে। ওই ছাত্রী প্রাইভেট শিক্ষকের বাসায় গিয়ে অচেতন হয়ে পড়ে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আরমান হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে এটা চেতনানাশক পদার্থ।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আটক ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছে।