বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আলমগীরকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সরই ইউনিয়নের পূর্ব হাসনাভিটা এলাকার ফাতেমা দরগাহ নামক স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সংবাদ পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গেছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”
সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উল আলম বলেন, “নিহত আলমগীর তার আমির হামজা পাড়াস্থ মাছের প্রজেক্ট ও বাগান থেকে বাড়িতে ফিরছিল। যাত্রাপথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আলমগীরকে হত্যা করে।”
তিনি বলেন, “ঘটনাস্থলে আমরা আরেকটি বাজাজ এপাচি মডেলের (চট্টমেট্রো-হ ১৪-৮১৪১) সাদা মোটরসাইকেল পেয়েছি। এটি হত্যাকারীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. কাসেম আলী বলেন, “এটি একটি পরিকল্পিত খুন বলে ধারণা করা হচ্ছে।”