বেঙ্গালুরুতে ‘মিনি রঞ্জি’ ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে কেএসসিএ সেক্রেটারি একাদশের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বিসিবি একাদশ। এই জন্য দ্বিতীয় ইনিংসে তাদের দরকার মাত্র ৮৬ রান!
চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটির প্রথম ইনিংসে স্বাগতিক দল মাত্র ৭৯ রানে গুঁড়িয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে দারুণ খেলেছে। মঙ্গলবারের খেলা শেষে ১০০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। বুধবার বাকি সাত উইকেটে হারিয়ে সংগ্রহ নিয়ে গেছে ৩৪০ রানে।
এতে বড় অবদান পাঁচ নম্বরে ব্যাট করতে নামা অভিনব মনোহরের। ১৩৬ বলে ১৫ চার ও তিন ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। অর্ধশতকের দেখা পেয়েছেন ছয় নম্বরে ব্যাট করতে নামা প্রভীন দুবেই ও সাত নম্বরে নামা বিনয় সাগর (৫৯)।
বিসিবি একাদশের বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন এবাদত হোসেন। দুটি করে উইকেট নিয়েছেন শহীদুল ইসরাম, আরিফুল হক ও মুমিনুল হক।
প্রথম ইনিংসে বিসিবি একাদশ প্রথম ইনিংসে করেছিল ৩৩৪ রান। অর্ধশতকের দেখা পেয়েছিলেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও কাজি নুরুল হোসেন। দ্বিতীয় ইনিংসে ৮৬ রান করতে পারলেই জয়োল্লাসে ভাসবে মুমিনুল হকের দল।