লর্ডসে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ‘আইরিশ লজ্জা’

ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো টাটকা ইংল্যান্ডের। মাত্র ১০ দিন আগেই লর্ডসে বিশ্ব জয়ের উৎস করেছে জো রুট, জনি বেয়ারস্টোরা। সেই লর্ডসেই এবার তারা দেখল অন্য রূপ। আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেল দলটি।

২২ বছর পর টেস্টে এত কম রানে অলআউট হলো ইংল্যান্ড। ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। সব মিলে ইংলিশদের এটি ২৫তম সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন রানের ইনিংসটি- ৪৫।

অ্যাশেজ শুরুর মাত্র এক সপ্তাহ আগে এই করুণ পরিণতি ইংল্যান্ডের। তাও আবার টেস্ট আঙিনায় নতুন আয়ারল্যান্ডের বিপক্ষে। যারা কিনা মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেছে। এ নিয়ে শেষ তিন বছরে লাঞ্চের আগে এক সেশনেই চতুর্থবারের মতো অল আউট হলো ইংলিশরা।

স্বাগতিকদের পুড়িয়েছে কাউন্টি দল মিডলসেক্সে খেলা পেসার টিম মারতাগ। ৯ ওভার বল করে মাত্র ১৩ রান ব্যয়ে নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেটে নিয়েছেন মার্ক আদাইর। ২ উইকেট নেন বয়েড র‌্যাঙ্কিন।

ইংল্যান্ডের পক্ষে ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছে মাত্র তিন ব্যাটার- জো ডেনলি, শ্যাম কুরান ও অভিষিক্ত অলি স্টোন।

দশ নম্বরে নামা স্টোনের ১৯ রানের জন্যই বলতে গেলে ইংলিশদের স্কোরটা ৮৫ পর্যন্ত গেল। তার লড়াইয়েই ৬৭ রানে ৯ উইকেট হারানো পরও দলটির স্কোর আশি ছাড়াল। ডেনলি সর্বোচ্চ ২৩ ও কুরান ১৮ রান করেন।