পানিতে দূষণ রোধে কাজ করছে ওয়াসা

যে তিনটি এলাকার পানিতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কলিফর্মসহ ব্যাকটেরিয়াজনিত দূষণ ধরা পড়েছিল, তা দূর করতে কাজ চলছে বলে হাইকোর্টকে জানিয়েছে ঢাকা ওয়াসা।

বুধবার দূষণ রোধে নেওয়া উদ্যোগের তথ্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চে তুলে ধরেন ঢাকা ওয়াসার আইনজীবী এ এম মাসুম।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “ওয়াসা যদি সমস্যার সমাধান করতে পারে তাহলে ভালো। আমাদের দরকার বিশুদ্ধ পানি। আমরা বিশুদ্ধ পানি চাই।”

ঢাকা ওয়াসার ১০টি বিতরণ জোনের মধ্যে তিনটি এলাকার পানিতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ‘কলিফর্ম’ ব্যাকটেরিয়া পাওয়ার কথা জানিয়ে গত ৭ জুলাই হাই কোর্টে প্রতিবেদন দিয়েছিল চার সদস্যের একটি কমিটি। প্রতিবেদনে আরও একটি এলাকায় নন-প্যাথজেনিক ব্যাকটেরিয়া পাওয়ার কথা জানানো হয়, যেগুলো নিজেরা ক্ষতিকর না হলেও ক্ষতিকর জীবাণুর আঁধার হতে পারে।

কমিটি বলেছিল, ওয়াসার দশটি বিতরণ জোনের পানিতেই মাঝারি বা অতি মাত্রায় পানি শোধনে ব্যবহৃত রাসায়নিকের উপস্থিত পাওয়া গেছে, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

পরে আদালত ওই প্রতিবেদন সম্পর্কে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের বক্তব্য দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছিল। সে অনুয়ায়ী বিষয়টি বুধবার আদালতে উঠলে ওয়াসার পক্ষে আইনজীবী এ এম মাসুম এবং রিট আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ শুনানি করেন।