গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তিনজন আটক

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে সদর উপজেলার চর আলী হাসান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রফিকুল ইসলাম ব্যাপারীর ছেলে বাহার (৩৫) দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৮) ও আবু তাহেরের ছেলে শাকিল (২২)। তারা সবাই সদর উপজেলার চর আলী হাসান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত  শনিবার সন্ধায় গৃহবধূ তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি শাকচর এলাকায় যাচ্ছিল। এসময় সাইফিয়া দরবার শরিফ এলাকায় পৌঁছালে ওই গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে বাহার, আল আমিন, সাকিল ও বাদশা।

এ সময় মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ  করে তারা এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।

এরপরে গৃহবধূর মুঠোফোনে কল দিয়ে পুনরায় দেখা করার জন্য চাপ সৃষ্টি করেন বাদশা। অন্যথায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে বিষয়টি গৃহবধূর স্বামীর বাড়িতে জানাজানি হয়ে যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন স্থানীয় ইউনিয়ন সদস্য স্বপন মিয়াকে বিষয়টি জানান। ইউপি সদস্য স্বপন মিয়া স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষণে অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে ইউনিয়ন সদস্য স্বপন মিয়া জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত চারজনের মধ্যে তিনজন ধর্ষককে গ্রামবাসীর সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর  স্বামী বাদী  হয়ে থানায় একটি ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।