রোবটের আসরে তারকারা

চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। একই সঙ্গে তাদের যাত্রা শুরু এবং উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। আর ছোট পর্দার জনপ্রিয় জুটি সিয়াম আহমেদ ও মেহজাবিন চৌধুরী। তাদের অনেক জনপ্রিয় নাটক রয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞাপনে একসঙ্গে আবারও বাজিমাত করেছেন। যদিও সিয়াম এখন নাটকে নিয়মিত নন। এই দুই জুটিকে এবার একই মঞ্চে দেখা যাবে। কাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবট নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো ‘এসো রোবট বানাই’-এর গ্র্যান্ড ফিনালে। এই মঞ্চ ক্ষুদে উদ্ভাবকদের দখলে থাকলেও এদিন তাদের প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে দেখা যাবে তারকাদের উপস্থিতিও। সেখানে তানজিল আলমের ঈগলস ডান্স কোম্পানির কোরিওগ্রাফিতে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় চার তারকা বাপ্পী, মাহি, সিয়াম ও মেহজাবিন। অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলতে প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত হবেন রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমার মতো তারকারা। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে ৩০টি দল নিয়ে মার্চে শুরু হয়েছিল ‘এসো রোবট বানাই’-এর প্রতিযোগিতা। গ্র্যান্ড ফিনালেতে থাকছে চারটি দল। তাহের শিপনের পরিচালনায় অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থাপনা করবেন মারিয়া নূর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। চ্যানেল আই অনলাইনের অফিশিয়াল ফেইসবুক পেজ থেকেও দেখা যাবে।