কপারটেকের তালিকাভুক্তি

১০ দিন সময় পেল ডিএসই

অবশেষে কপারটেক ইন্ডাস্ট্রিজকে তালিকাভুক্ত করতে সময় পেল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। স্টক এক্সচেঞ্জটির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ১০ দিনের সময় দিয়েছে কোম্পানিটিকে তালিকাভুক্ত করতে। এজন্য ডিএসইর লিস্টিং রেগুলেশনের ৫ (৩) ধারা থেকে অব্যাহতি দিয়েছে এসইসি।

গতকাল কপারটেক ইন্ডাস্ট্রিজকে তালিকাভুক্ত করতে সময় বাড়ানোর বিষয়টি জানিয়েছেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের রেগুলেশন অনুযায়ী কপারটেককে তালিকাভুক্তির সর্বশেষ দিন ছিল ২৬ মে। আর প্রসপেক্টাসে এসইসির সম্মতিপত্র অনুযায়ী তালিকাভুক্তির সর্বশেষ দিন ছিল গত ২৩ জুন। চলতি বছরের ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত এ কোম্পানির শেয়ার পেতে চাঁদা গ্রহণ (সাবস্ক্রিপশন) সম্পন্ন হয়। তবে কোম্পানির আর্থিক প্রতিবেদনে নানা অসঙ্গতির কারণে গণমাধ্যমে প্রতিবেদন ও ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) কর্তৃক তদন্তের কারণে নির্ধারিত সময়ে তালিকাভুক্ত করেনি ডিএসই। পরবর্তীকালে এ কোম্পানিকে তালিকাভুক্ত করতে সময় চেয়ে চিঠি পাঠায় এসইসিতে। তবে এসইসি তাদের আবেদনে সাড়া দেয়নি।

পরবর্তীকালে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, কপারটেককে তালিকাভুক্তি নিশ্চিত করে গত ২৩ জুলাই লিস্টিং রেগুলেশনের একটি ধারা থেকে অব্যাহতি ও সময় চেয়ে আবারও চিঠি পাঠায় ডিএসই। তারপর গতকাল ডিএসইর আবেদনে সম্মতি দিয়েছে এসইসি। এর ফলে কোম্পানিটি তালিকাভুক্তিতে আর কোনো বাধা রইল না। যদিও কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে উত্থাপিত নানা অসঙ্গতির সুরাহা হয়নি। এর আগে গত ২৩ মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কপারটেককে তালিকাভুক্তির অনুমোদন দেয়।

বিভিন্ন বিতর্কের কারণে নির্ধারিত সময়ে কপারটেককে তালিকাভুক্ত না করলেও গত ১১ জুলাই ডিএসইর পর্ষদ কোম্পানিটিকে তালিকাভুক্ত করতে ব্যবস্থাপনা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।