পাসপোর্ট করাতে এসে আটক রোহিঙ্গা কিশোরী

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা কিশোরী আটক হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার বিকালে রেজিয়া (১৬) নামে এক কিশোরী ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য আবেদন করে। আবেদনের সাথে ঐ কিশোরী ঢাকা সিটি কর্পোরেশনের ঠিকানার জন্মনিবন্ধন সনদ যুক্ত করে। আবেদনে ঢাকার ঠিকানা দেখে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি সন্দেহ হয়। তখন তারা যাচাই-বাছাই শুরু করলে কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাদের জিজ্ঞাসাবাদেও অসঙ্গতি পাওয়া গেলে মঙ্গলবার সন্ধ্যায় পাসপোর্ট অফিস তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ রাতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে কিশোরী নিজেকে রোহিঙ্গা হিসেবে স্বীকার করে।

সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, আটক রোহিঙ্গা কিশোরী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের হামিদ মাঝি ব্লকের আবদুর রশিদের কন্যা রেজিয়া। ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, রেজিয়া নামের কিশোরী ঢাকা সিটি করপোরেশনের ঠিকানা ব্যবহার করায় আমাদের সন্দেহ জাগে। তারপর আমরা যাচাই-বাছাই করে তাকে পুলিশে সোপর্দ করি।