বৃদ্ধ কাঞ্চিয়া প্রতিবন্ধী ভাতার কার্ড পেলেন। সত্তর বছর বয়সী এ বৃদ্ধ বয়স্ক ভাতার জন্য ইউপি সদস্য থেকে মন্ত্রী পর্যন্ত ধরনা দিয়েছেন। বয়স্ক ভাতার কার্ড না পেলেও প্রতিবন্ধী কোটায় ভাতার কার্ড পেয়েই খুশি তিনি। কাঞ্চিয়া চন্দ্র রায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাই প্রফেসরপাড়ার বাসিন্দা। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। একমাত্র পুত্র ও নাতি ঠোঁট ও তালু কাটা রোগী। ছেলে ভ্যান চালিয়ে, কুলির কাজ করে কোনো রকমে সংসার চালান। গত মঙ্গলবার সন্ধ্যায় তার হাতে এ কার্ড পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম চৌধুরী।
প্রতিবন্ধী ভাতার কার্ড পেয়ে কাঞ্চিয়া চন্দ্র বলেন, ‘এত বছর ঘুরেও কার্ড পাইনি। সাংবাদিকরা আমার বাড়িতে এসে আমার সঙ্গে কথা বলার পরই প্রতিবন্ধী ভাতার কার্ড পাইলাম।’ গত মঙ্গলবার দৈনিক দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে ‘এত কিছুর পরও বয়স্কভাতার কার্ড পাননি অন্ধ কাঞ্চিয়া’ ও গতকাল বুধবার ছাপা সংস্করণে ‘বয়স্কভাতা জোটেনি বৃদ্ধ কাঞ্চিয়ার’ শিরোনামে দুটি খবর প্রকাশিত হয়।