মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে বুধবার সকালে জেলা পুলিশ লাইনস-এ নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাহবুবর রহমান বাদল, গোলাম মাওলা আকন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, পর্নোগ্রাফি, কিশোর সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ, রাজনৈতিক হয়রানি ও সন্ত্রাস রোধে আরো বেশি সক্রিয় থাকবে পুলিশ প্রশাসন।
এছাড়াও পুলিশ সদস্যদের ঘুষ-দুর্নীতিসহ যে কোন ধরনের অপকর্মের ব্যাপারেও পুলিশের জিরো টলারেন্স থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আইনি সেবার ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ কোন ধরনের হয়রানির শিকার না হন সে ব্যাপারেও সর্বোচ্চ সচেষ্ট থাকবে পুলিশ। প্রয়োজনে সাধারণ মানুষের কথা জানতে উঠান বৈঠক করা হবে। মানুষের ভোগান্তি রোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে মাদারীপুরের পুলিশ প্রশাসন।
এছাড়াও গুজবের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশ সুপার বলেন, ‘আমাদের সবাইকে গুজবের বিষয় বিশেষ নজর দিতে হবে। গুজবের কারণে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ১০-১২ জন মারা গেছেন। তাদের বেশির ভাগই মানসিক ভারসাম্যহীন। ব্যক্তিস্বার্থে বিরোধ থাকায়ও অনেকে এই গুজব ছড়াচ্ছেন।’
আইন নিজের হাতে তুলে না নিয়ে এ বিষয় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।