ইরানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের?

এশিয়ান র‌্যাংকিংয়ে শীর্ষ দেশ ইরান। বিশ্ব র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ২০তম। সেই দলটির সঙ্গেই একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়ে যেতে পারে বাংলাদেশ। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের আগে এই ম্যাচটি আয়োজিত হতে পারে কাতারের দোহায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে এখনই পরিষ্কার কিছু না বললেও গতকাল ‘তেহরান টাইমসে’ প্রকাশিত খবরে ম্যাচটির ব্যাপারে ইঙ্গিত মিলেছে। বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। খেলতে হবে বিশ্বকাপের আয়োজক কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানের সঙ্গে। ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মিশন। তার আগে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে কাতারে একটি কন্ডিশনিং ক্যাম্প করার। সেখানেই ৫ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ খেলার ইঙ্গিত মিলেছে ইরানি দৈনিকটির খবরে। এ বিষয়ে জানতে চাইলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, তারা এশিয়ার তিনটি দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা করছে, যার কোনোটাই চূড়ান্ত নয়, ‘আমরা বেশকটি দেশের সঙ্গেই কথা বলছি। ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা হচ্ছে। জাতীয় দল কমিটির সভাপতি (কাজী নাবিল আহমেদ) এ মাসের শেষে দেশে ফিরলেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।’ কাতারে ক্যাম্পের বিষয়ে সোহাগ জানান, ‘আগস্টের মাঝামাঝি সময়ে আমরা দেশে প্রস্তুতি শুরু করব। এরপরই আমাদের কাতারে ক্যাম্প করার পরিকল্পনা আছে। তাই আমরা চেষ্টা করছি দোহাতেই একটি ম্যাচ খেলার।’