মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের নির্বাচন প্যানেলের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল নির্বাচন প্যানেলে পরিবর্তন আসতে পারে বলেও এরই মধ্যে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাই বলে নান্নু ও বাশারের প্রতি অসন্তুষ্ট নন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২০১৬ সালের জুলাইয়ে প্রধান নির্বাচক হিসেবে নান্নু, নির্বাচক হিসেবে হাবিবুল বাশার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের শতকরা জয়ের হার ৫২.৭%। তাছাড়া দল নির্বাচনের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো পক্ষপাতিত্বের অভিযোগও ওঠেনি। তাদের পেশাগত দায়িত্বে সন্তুষ্ট পাপনও।
“নির্বাচকদের পারফরম্যান্স খারাপ না। অসন্তুষ্ট হওয়ার মতো কোনো কারণ এখনো দেখিনি। কারণ আপনি যদি পারফরম্যান্সগুলো দেখেন আমি তো বলব ভালোই। পারফরম্যান্সের সাথে সবকিছু মেলে না। আমি তাদের ভালোই দেখছি। মানে এমন কোনো খেলোয়াড় দেখছি না যে কোনোভাবেই জায়গা পায় না, অথচ তাকে জাতীয় দলে দেওয়া হচ্ছে। এমন কোনো রিপোর্ট আমাদের কাছে নেই বা চোখেও পড়েনি।”
“এদিক দিয়ে যদি বলেন, ঠিক আছে। আর আমি টিম জেতার সাথে এই পারফরম্যান্স আনি না। দল জেতার সাথে এর কোনো সম্পর্ক নেই। যত ভালো নির্বাচকই হোক দল যদি ভালো না খেলে, তাহলে তো কিছু করার নেই। কিন্তু রেজাল্ট ইজ গুড।”
তবে নতুন নির্বাচক প্যানেলে পরিবর্তন আসবে কি-না এ নিয়ে কিছু খোলাসা করতে বলতে নারাজ বোর্ড সভাপতি, “একদম নতুন নির্বাচক প্যানেল তৈরি হবে কি না বলা যাচ্ছে না। তবে আমাদের বোর্ড মিটিংয়ে অবশ্যই এটা নিয়ে আলোচনা করা হবে। বদলানো হবে কি, নতুন আসবে সেটা নিয়ে ২৭ তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু চুক্তির সময় শেষ, তাই একটা আলোচনা আসবেই।”