হত্যা-ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ইন্দুরকানীতে হত্যা, ডাকাতিসহ ছয় মামলার আসামি আবদুল জলিল হাওলাদার (৪৫) ওরফে রগকাটা জলিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে উপজেলার কালাইয়া গ্রামের মিলবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল জলিল উপজেলার কালাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের স্ত্রী সালমা বেগম জানান, বুধবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে কালাইয়া গ্রামের নিজ বাড়ি থেকে জলিলকে স্থানীয় দুই যুবক ডেকে নিয়ে যায়।

পরে রাত আনুমানিক ২টার দিকে কালাইয়া গ্রামের মিলবাড়ি নামক স্থানে সতীশ চন্দ্র মণ্ডলের বাড়িতে শিবেশ্বরের বসতঘরের পাশে আর্তচিৎকারে শিবেশ্বরের স্ত্রী বাইরে এসে দেখেন জলিল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকালে নিহত জলিলের মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাইনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইন্দুরকানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, জলিলের ঘাড়, হাত, মাথা ও পিঠে নয়টি কোপের চিহ্ন রয়েছে।

নিহত জলিলের বিরুদ্ধে ইন্দুরকানী থানাসহ দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।