শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্ব ক্রিকেটেরই পেস বোলিংয়ের বড় বিজ্ঞাপন হয়ে উঠেছিলেন লাসিথ মালিঙ্গা। ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের সঙ্গে স্টাইলিশ চুল। মালিঙ্গা নিজের আলাদা সত্তা তৈরি করেছিলেন ক্রিকেটে। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে যিনি বিদায় জানাবেন ওয়ানডে ক্রিকেটকে।
মালিঙ্গার বিদায়ী এই ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চায় শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নেরা সতীর্থকে দিতে চায় বিদায়ী উপহার।
৩৫ বছর বয়সী মালিঙ্গা সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগী হতে টেস্ট ছেড়েছিলেন অনেক আগেই। এবার ইতি টানছেন ওয়ানডে ক্যারিয়ারেও। তবে ২২৫ ওয়ানডেতে ৩৩৫ উইকেট নেওয়া এই পেসার টি-টোয়েন্টিটা চালিয়ে যেতে চান।
শুক্রবারের ম্যাচের আগে শ্রীলঙ্কা অধিনায়ক করুনারত্নে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলে গেছেন মালিঙ্গাকে বিদায়ী উপহারের কথা। ‘আমরাদের আসল লক্ষ্য ম্যাচটা জেতা। তাকে দেওয়ার জন্য এটাই হতে পারে বড় উপহার। আমরা তাকে সেরা বিদায়টা দেওয়ার জন্য সর্বস্ব চেষ্টা করব।’- বলেন করুনারত্নে।
তবে এই সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দিলেন, তার দল শ্রীলঙ্কার জয় রুখে দিতে তৈরি। বিদায়ী ম্যাচের অপেক্ষায় থাকা মালিঙ্গাকে অবশ্য প্রশংসায় ভাসাতে ভোলেননি, ‘সে এই খেলাটার একজন মহান দূত। তিনি এমন একজন ক্রিকেটার যাকে দেখে অনেক শিশু, তরুণেরা ক্রিকেট শুরু করেছে।’
ডেথ ওভারে মালিঙ্গার ইয়র্কার ছিল বিখ্যাত। ওয়ানডেতে মোট ৩বার হ্যাটট্রিক করেছেন তিনি। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে তুলে নেন উইকেট।