মুক্তিযোদ্ধাদের নামে হবে সব রাস্তা ব্রিজ : মোজাম্মেল

বাংলাদেশের সব রাস্তা, ব্রিজ, কালভার্ট মুক্তিযোদ্ধাদের নামে করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা সমাবেশে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আগামী বছর মুজিব বর্ষ পালন উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এ জন্য ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও বলেন, রাজাকারদের তালিকা করা হচ্ছে।

জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশে ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই, সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমারনাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা প্রমুখ বক্তব্য দেন।

এর আগে শৈলকুপা শহরের লাঙ্গলবাঁধ সড়কে তিনতলাবিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।