বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দেশে উৎপাদিত উদ্বৃত্ত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে আলু প্রক্রিয়াজাতকরণে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেছেন, রপ্তানি আয় বাড়াতে পণ্য বহুমুখীকরণ জরুরি।
গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন রশিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ড. এম এ রাজ্জাক। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আবাসিক পরিচালক জিওফ্রে ম্যাকডোনাল্ড ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের চিফ অফ মিশন জিওরজি গিগাউরি বক্তব্য রাখেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক সুখের খবর আছে। ধানের উদ্বৃত্ত উৎপাদনের ফলে সরকার ২ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর আলুর উৎপাদন বাড়ছে। বর্তমানে দেশের চাহিদার চেয়ে ৩০ লাখ টন আলু বেশি উৎপাদিত হচ্ছে। দুঃখ এখানেই যে, এই উদ্বৃত্ত আলু রপ্তানি করা সম্ভব হচ্ছে না। কিছু আলু রপ্তানি হলেও ক্রেতা-দেশ ব্যাকটেরিয়াসহ বিভিন্ন সমস্যার কথা বলছে, যেগুলো মাটি, আবহাওয়াজনিত সমস্যা। কিন্তু এসব আলু প্রক্রিয়াজাত করা হলে এ সমস্যা থাকবে না। এজন্য ব্যবসায়ীদের কাছে অনুরোধ, এ খাতে প্রক্রিয়াজাতকরণে এগিয়ে আসুন।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বেসরকারি খাত দেশের অগ্রগতিতে প্রধান ভূমিকা রাখছে। এ জন্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগগুলো সময়মতো বাস্তবায়ন করতে হবে।
আইবিএফবি সভাপতি হুমায়ুন রশিদ বলেন, ৮ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জনের জন্য জ্বালানি ও যোগাযোগ খাতের বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি বৈশি^ক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের উদ্যোক্তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। এজন্য বিদেশে বিনিয়োগের সুযোগ বাড়াতে হবে। এতে মুদ্রা পাচার কমবে। পাশাপাশি বাংলাদেশি কোম্পানির ব্যবসা সম্প্রসারণ সহজ হবে এবং আন্তর্জাতিক বাজারে নিজস্ব দক্ষতা প্রমান করায় দেশের ব্র্যান্ডিং হবে।
গতকালের এজিএমে সংগঠনটির ২০১৯-২০২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নতুন ৪ জন পরিচালক যুক্ত হয়েছেন। নতুন পরিচালকরা হলেন শিমেক্স ইন্টারন্যাশনালের এমডি আনোয়ার শহীদ, অ্যাডভান্স হোমসের এমডি তৌহিদা সুলতানা, সানিয়ান ফ্যাশনসের এমডি সৈয়দ এনামুল হক মুরাদ এবং অ্যাগ্রো ইন্টারন্যাশনালের এমডি হাসান মাহমুদ বাবু। এছাড়া লঙ্কাবাংলা সিকিউরিটিজের এমডি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, রানার তেল ও গ্যাসের এমডি মজিবুর রহমান, ভরসা গ্রুপের এমডি সিরাজুল ইসলাম ভরসা ও আজিজুল ইসলাম পরিচালক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।