কবি কালিদাসকে মঞ্চে আনল থিয়েটার ফ্যাক্টরি

কবি কালিদাসকে মঞ্চে নিয়ে এল নতুন নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। কালিদাসকে অবলম্বন করে রচিত হয়েছে নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটিতে কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব তুলে ধরা হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে তার আবির্ভাবের পাশাপাশি এসেছে প্রেম ও প্রকৃতি। ক্ষমতা ও সৃজনশীলতার দ্বন্দ্ব থেকে বেরিয়ে কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরে আসতে চেয়েছেন, তা উঠে এসেছে এ নাটকটিতে। মোহন রাকেশের রচনা থেকে নাট্যরূপ দিয়েছেন অংশুমান ভৌমিক এবং নির্দেশনা দিয়েছেন অলোক বসু। অভিনয় করেছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, শারমীন মাসরুরা খানম, হাসানুজ্জামান খান, কে এম মোহসেন, সুমন ম-ল বানি, অলোক বসু, মিশাল সমাপ্ত, সুরভী রায়, নবীনূর রহমান জুয়েল, নীল সমুদ্র, গল্প প্রমুখ। আলোক পরিকল্পনা করেছেন ঠা-ু রায়হান। মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির। সংগীত ও পোশাক পরিকল্পনায় আছেন রামিজ রাজু ও মহসিনা আক্তার। আজ শুক্রবার একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী এবং পরদিন মহিলা সমিতি মঞ্চে নাটকটির তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

তিন শিল্পীর ‘আবৃত্তি পরম্পরা’

রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘আবৃত্তি পরম্পরা’ শীর্ষক অনুষ্ঠান। এতে আবৃত্তি পরিবেশন করেন রাশেদ হাসান, তিতাস রোজারিও ও রানা আহমেদ। অনুষ্ঠানটির আয়োজন করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। এতে রাশেদ হাসান আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সন্ধ্যা ও প্রভাত’, ইব্রাহীম আজাদের ‘উৎসর্গ’, নির্মলেন্দু গুণের ‘কিছুই সহজ নহে’, শক্তি চট্টোপাধ্যায়ের ‘যখন বৃষ্টি নামলো’, শহীদ কাদরীর ‘সংগতি’সহ ১৩টি কবিতা। তিতাস রোজারিও আবৃত্তি করেন জীবনানন্দ দাশের ‘মনে হয় একদিন’, সলিল চৌধুরীর ‘চাবি’, ‘কামরুজ্জামান ভূঁইয়ার ‘জেগে উঠো প্রীতিলতা’সহ ১৫টি কবিতা এবং রানা আহমেদ আবৃত্তি করেন শুভ দাশগুপ্তের ‘আমরা’, শঙ্খ ঘোষের ‘বলো তারে শান্তি শান্তি’, মাসুম রেজার ‘কিশোরী ফিরে যাও’, নওশাদ জামিলের ‘নুসরাত’সহ ৯টি কবিতা।