হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। শহিদুলের বাড়ি বরগুনার আমতলীর রূপখালী গ্রামে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, সকাল ৯টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল শহিদুল। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। একপর্যায়ে সঙ্গে ইয়াবা থাকার কথা সে স্বীকার করে। পরে শরীর তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে শহিদুল জানিয়েছে, সে কক্সবাজারে ২০ দিন ছিল। ফেরার সময় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জনৈক বাবুলের কাছ থেকে ইয়াবা কিনে আনে। তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।