নারী বিশ্ব ডেভেলপমেন্ট দলে জাহানারা-ফারজানা

নারী ক্রিকেটে পিছিয়ে থাকা দলগুলোর ক্রিকেটারদের সম্মান এনে দিয়েছে আইসিসি। জাহানারা আলম ও ফারজানা হক ডাক পেয়েছেন নারী বিশ্ব ডেভেলপমেন্ট দলে (ডব্লিউজিডিএস)। ইংল্যান্ডে এই দলের হয়েই বেটস-টেলরদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবেন তারা। গতকাল তৃতীয় ডব্লিউজিডিএস দল ঘোষণা করেছে আইসিসি। তাতে নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তান ব্যাটসম্যান জাভেরিয়া খানকে। এই দলে সবচেয়ে বেশি তিনজন সুযোগ পেয়েছেন স্কটল্যান্ডের। এছাড়া পাপুয়া নিউগিনি ও বাংলাদেশ থেকে দুজন, জার্মানি, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে একজন করে ১২ জনের দলে আছেন।
অনূর্ধ্ব-১৯ দলের হার
ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার ভারত অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৩৫ রানে হারে বাংলাদেশের যুবারা। ভারত যুবারা ৫ উইকেটে তোলে ২৬৪ রান। জবাবে বাংলাদেশ অল আউট হয় ২২৯ রানে।