ওয়ানডে ক্রিকেটে একেবারে বিদায়ের দ্বারপ্রান্তে লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি দিয়ে এই ফরম্যাটের ক্রিকেটে ইতি টানবেন সময়ের অন্যতম সেরা এই পেসার। তারকা এই ক্রিকেটারকে বিদায় জানাতে আয়োজনে কোনো কমতি রাখছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার অপেক্ষায় থাকা মালিঙ্গার বিদায় স্মরণীয় করতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও প্রেমাদাসা স্টেডিয়াম কর্তৃপক্ষ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
মালিঙ্গার বিদায়ের দিনে পুরো স্টেডিয়াম শোভা পাচ্ছে বাহারি ব্যানার ও পোস্টার। ম্যাচ শেষে থাকবে আতশবাজি প্রদর্শনী। সমর্থকদের হাতে হাতে থাকবে মালিঙ্গাকে নিয়ে তৈরি করা ব্যানার-ফেস্টুন।
মালিঙ্গার বিদায়ী ম্যাচের আয়োজন নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের কর্মকর্তা ক্রিশান্থা কাপুওয়াতে বলেন, “মালিঙ্গার বিদায়কে কেন্দ্র করে কাট আউট, ব্যানার, পোস্টার প্রতৃতিতে স্টেডিয়াম সাজানো থাকবে। ম্যাচ শেষে আমরা কিছু আতশবাজির আয়োজনও করেছি।”
“আমরা তার বিদায়ের জন্য বিশেষ আয়োজন করছি। তার পরিবারের সকল সদস্য ও বন্ধু-সমর্থকরা যাতে মাঠে থাকতে পারেন এজন্য বিশেষ সৌজন্য টিকিট দিয়েছি। একটা মূল্যবান সোনার মুদ্রাও তৈরি করা হয়েছে, যা তার ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মারকস্বরূপ মালিঙ্গার হাতে তুলে দেওয়া হবে।”