হালকা মেঘে আচ্ছন্ন কলম্বোর আকাশ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম লড়াইটি বৃষ্টির বাগড়ায় পড়ার সম্ভাবনা রয়েছে। এমনটা জানা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের রিপোর্টে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে দুই দলের মধ্যকার লড়াই। এই ম্যাচটিই হবে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কা দলের তারকা পেসার লাসিথ মালিঙ্কার শেষ ম্যাচ। অধিনায়ক হিসেবে তামিম ইকবালের প্রথম ওয়ানডে।
ম্যাচটি যেকোনো সময় হানা দিতে পারে বৃষ্টি। এরই মধ্যে সকালে হয়ে গেছে এক পশলা। এ বৃষ্টির কারণে বৃহস্পতিবার ফ্লাডলাইটের নিচে জমিয়ে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ।
সেই বৃষ্টিই আবার হানা দিতে পারে মূল ম্যাচেও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলম্বোয় সকাল নাগাদ বৃষ্টি হয়ে গেছে এক দফা। পূর্বাভাস বলছে ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে নামতে পারে বৃষ্টি। তিনটার দিকেও কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আকাশে এভাবে মেঘ জমতে থাকবে।
এমনকি রাত সাড়ে ৮টা নাগাদ পুনরায় হালকা-মাঝারি ধাঁচের বৃষ্টির দেখা মিলতে পারে। এক ঘণ্টার মধ্যে বৃষ্টি থামলেও, আবারো সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির বাগড়ার মাঝেও ম্যাচটি ভালোভাবে শেষ হয়ে যাবে বলে আশা করছে লঙ্কান ক্রিকেট বোর্ড।