বেনাপোলে ভারতে পাচারকালে এক কেজি স্বর্ণসহ যুবক আটক

ভারতে পাচারকালে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে শুক্রবার সকালে এক কেজি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের গাতিপাড়া সীমান্তে একটি ইজিবাইকে অভিযান চালিয়ে বাইকের বক্সের মধ্যে লুকানো অবস্থায় এক কেজি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়।

আটক স্বর্ণবার পাচারকারী কামাল হোসেন (৪০) বেনাপোলের দৌলতপুর গ্রামের নওশের  আলীর ছেলে।

আটক স্বর্ণের মূল্য ৪৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।