স্বপ্ন দেখার দিনে লর্ডসে আইরিশদের ৩৮ রানের লজ্জা!

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কাঁপিয়ে দিচ্ছে আয়ারল্যান্ড। তিনদিন ধরে ক্রিকেট বিশ্বে এমন খবর ‘ঝড়’ তুলছিল। লর্ডসে শুক্রবার সেই ‘ঝড়’কে পূর্ণতা দেওয়ার স্বপ্নে ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮ রানে গুটিয়ে গেছে আইরিশরা। তাতে মাত্র তিনদিনে ১৪৩ রানের জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

এটি ছিল আয়ারল্যান্ডের তৃতীয় টেস্ট। সফরের একমাত্র সাদা পোশাকের ম্যাচে শুক্রবার লর্ডসের মেঘলা দিনে ফ্লাড লাইটের আলোয় ক্রিস ওকসের সুইংই সামাল দিতে পারেনি তারা। ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন ওকস। অন্যদিকে ব্রড ১৯ রানে চারজনকে ফিরিয়ে এক সেশনেই ম্যাচ শেষ করে দেন!

এক সময় আয়ারল্যান্ড তিন উইকেট হারায় কোনো রান না তুলেই। আর শেষ ৯ উইকেট পড়েছে মাত্র ১৮ রানের ব্যবধানে।

লর্ডসে এটি কোনো দলের সর্বনিম্ন রান। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব মিলিয়ে সপ্তম সর্বনিম্ন।

ওকস এবং ব্রড এদিন একটানা বল করে যান। ম্যাচ শেষ করতে তারা ৯৪টি ডেলিভারি ব্যয় করেন। টেস্ট ক্রিকেটের ৯৫ বছরের ইতিহাসে এই পরিসংখ্যান দ্বিতীয় সর্বনিম্ন।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয়। আয়ারল্যান্ড জবাবে ২০৭ রান করে বড় কিছুর আশা জাগায়। ইংল্যান্ড আবার দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান তুলে ঘুরে দাঁড়ায়।