ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিজয় হোসেন (২২) নামের অটোরিকশাচালক নিহত হন। বিজয় মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামের আবদুল হাকিমের ছেলে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা রকি (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম (২৫) নামের আরও একজনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। আটক রকি ও ইব্রাহিম পাশর্^বর্তী গাংনী উপজেলার বাওট গ্রামের বাসিন্দা।

দৌলতপুর থানার ওসি মো. আজম খান জানান, তিনজন ছিনতাইকারী যাত্রীবেশে গাংনী উপজেলার বাওট গ্রাম থেকে অটোরিকশা ভাড়া করে মৌবাড়িয়া-শ্যামপুর মাঠের মধ্যে এটি থামিয়ে চালকের পেটে ছুরিকাঘাত করে।

এ সময় চালক চিৎকার দিলে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে রকি নামে এক ছিনতাইকারীকে আটক করে। জিজ্ঞাসাবাদে রকি জানায়, তারা তিনজন ছিল। পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীকে আটকে পুলিশি অভিযান চলছে।