বোকা জুনিয়র্সে ডি রসি

ইউরোপিয়ান ক্যারিয়ার শেষে তারকারা অর্থের দিকে ছোটেন। চলে যান চীনে বা যুক্তরাষ্ট্রে। কিন্তু ড্যানিয়েল ডি রসি ওই পথে হাঁটলেন না। সাবেক ইতালি ও রোমা তারকা গেলেন আর্জেন্টিনাতে। ডি রসির এই দলবদলটা তাই অনেকটা ব্যতিক্রমী। গত মৌসুম শেষে পুরো ক্যারিয়ারে ৬১৬ ম্যাচে ৬৩ গোল করা রসি রোমাকে বিদায় জানান। এরপরই অর্থের চিন্তা বাদ দিয়ে শুধু ভালোবাসার টানে ফ্রি ট্রান্সফারে বোকাতে নাম লেখালেন ২০০৬ বিশ্বকাপজয়ী তারকা।

৩৬ বছর বয়সী তারকাকে গতকালই বোকার বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়াম ঘুরিয়ে দেখানো হয়। সামনের সোমবার আনুষ্ঠানিকভাবে বোকার জার্সিতে সমর্থকদের সামনে আসবেন রসি। এই দলবদলকে নিজেই ‘স্বপ্নের দলবদল’ বলে জানান। আর্জেন্টিনার এই দলটির প্রতি তার ভালোবাসা অনেক আগে থেকেই ছিল। সাবেক বোকা তারকা আর্জেন্টাইন লিয়ান্দ্রো পারেদেস রোমায় খেলেছিলেন। বর্তমানে পিএসজিতে খেলা এই ফুটবলারকে রোমায় প্রথম দেখায় বোকা জুনিয়র্সের ব্যাপারেই জিজ্ঞাসা করেছিলেন রসি। একসঙ্গে খেলা দেখবেন বলেও জানান। সেই ভালোবাসা রোমার হয়ে ১৮ বছরের অভিযান শেষে পূরণ করলেন।

রোমায় ফুটবলার হিসেবে ইতি টানার পর স্পোর্টস ডিরেক্টর হিসেবে তাকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু রসি নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন।