প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অপহরণ নাটক!

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কলেজছাত্রীর কাছে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়ে এক কলেজছাত্র অপহরণ নাটক করেছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম মো. আবদুল্লাহ। ভাঙ্গুড়ার ম-ুতোষ ইউনিয়নের বোয়ালগ্রামী গ্রামের এই কিশোর উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত বুধবার বিকেলে আবদুল্লাহ নিজেই ভাঙ্গুড়ার মল্লিকচক গ্রামের সড়কে একটি যাত্রীশূন্য মাইক্রোবাসে উঠে চাটমোহর নতুন বাজার গিয়ে নামে। সেখান থেকে সে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসস্ট্যান্ডে পৌঁছে ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশে কেটে অপহরণকারীদের আঘাতে অসুস্থতার ভান করে। তখন স্থানীয়রা তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর হাসপাতালে সে কয়েক ঘণ্টা অচেতন থাকার অভিনয় করে। কেন সে এটা করল এমন প্রশ্নে আবদুল্লাহ তার মানসিক অসুস্থতার কথা জানিয়েছে।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানিয়েছে, কলেজের একটি মেয়েকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে সে বেশ কিছুদিন ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছে। এ বিষয়ে তাকে কেউ কোনোভাবে উসকানি বা সহযোগিতা করেনি।

আবদুল্লাহর আত্মীয় ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন বাবু জানান, কিছুদিন আগে প্রেমে ব্যর্থ হয় আবদুল্লাহ। এরপর থেকেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে চলাফেরা করে সে। মূলত প্রেমিকার সহনুভূতি পেতেই এই নাটক করেছে সে।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা বলেন, ‘প্রথম থেকেই এই অপহরণের ঘটনাটি সাজানো ও পূর্বপরিকল্পিত বলে পুলিশের সন্দেহ ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কলেজছাত্রের স্বীকারোক্তিতে সেটাই প্রমাণিত হলো।’ আবদুল্লাহকে আইনের আওতায় আনা হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। কোনো বিশেষ উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।’