‘ক্লাসে দেরি হওয়ায়’ গোসল করতে নদীতে, নিখোঁজ ৩ কলেজছাত্র

সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র পানিতে তলিয়ে গেছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীর পশ্চিম ব্যাংকটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলজের বিজ্ঞান বিভাগের ১২ ছাত্র বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীর ওই অংশে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে থেকে তিনজন স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে সাভার ও টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচ ডুবুরি উদ্ধারকারী দলে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সহপাঠী মোকাদ্দেম বলেন, কলেজে যেতে দেরি হওয়ায় ক্লাসে ঢুকতে পারেননি তারা। পরে ব্যাংকটাউন এলাকার আকাশ নামের এক সহপাঠীর সঙ্গে ঘুরতে যান তারা ১২ জন। গোসল করতে নামলে স্রোতের টানে তিনজন তলিয়ে যান।

নিখোঁজদের মধ্যে একজন আনোয়ার হোসেনের ছেলে রাজন (১৭)। তারা রাজধানীর শেরে-বাংলানগর থানার পশ্চিম কাফরুলের তালতলায় থাকেন। বাকি দুজন হলেন- আকাশ ও মেহেদী হাসান।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছি।”

ঘটনাস্থলে রয়েছেন আমিনবাজার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের আহেমদেসহ সাভার থানা পুলিশের সদস্যরা।