বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম ও তার স্ত্রী। হঠাৎ হাত ফসকে পানিতে পড়ে যায় মোবাইল ফোন সেটটি।
লাখ টাকা দামের শখের মোবাইল সেট বলে কথা। তাই মোবাইল উদ্ধারে ডাকা হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার করে মোবাইল সেটটি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চর লোটাবর সেতুতে এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নুরুদ্দিন অলী জানান, মাদারগঞ্জের ইউএনও মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্ত্রীকে নিয়ে উপজেলার সিঁধুলী ইউনিয়নের চর লোটাবর সেতু পার হওয়ার সময় সেতুতে গাড়ি থামান।
সেতুর ওপর তিনি তার স্ত্রীর সঙ্গে সেলফি তোলার সময় হাত ফসকে মোবাইল ফোন সেটটি নিচে পড়ে পানিতে তলিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় ইউএনও দম্পতি বিমর্ষ হয়ে পড়েন।
গভীর পানিতে তলিয়ে যাওয়ায় মোবাইল ফোন সেটটির আশা ছেড়ে দিয়ে বাসায় ফিরে যান তারা। পরে রাতেই তিনি জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ফোন সেটটি উদ্ধারের অনুরোধ জানান।
ইউএনও’র কথায় পরদিন শুক্রবার ভোরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়া দুজন ডুবুরিসহ ছয় সদস্যের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান।
সকালে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরে মোবাইল ফোনটি ইউএনও’র হাতে তুলে দেওয়া হয়।
নুরুদ্দিন অলি বলেন, ঘটনাস্থলে পানির গভীরতা বেশি এবং স্রোত ছিল। ফোন সেটটি পানি নিরোধক হওয়ায় তা নষ্ট হয়নি। উনি (ইউএনও) এবং উনার স্ত্রী মোবাইল ফোনটি ফিরে পেয়ে খুব খুশি হয়েছেন।
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, “সেটটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তা নেওয়া হয় এবং তারা সেটি উদ্ধার করতে পেরেছেন। তারা অনেক কষ্ট করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”