পার্নো মিত্রকে ‘ভাল করে হোমওয়ার্ক’ করতে বললেন কৌশিক সেন

রাজনৈতিক মতাদর্শ আর দল নিয়ে টালিউডে কাদা ছোঁড়াছুড়ির খেলা শুরু হয়েছে। কিছুদিন আগে কৌশিক সেন, অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা মোদিকে অসহিষ্ণুতা নিয়ে চিঠি দিয়েছিলেন।

তারপরই কৌশিক সেন খুনের হুমকি পান বলে অভিযোগ। এরপরই তার বিরুদ্ধে রাগ প্রকাশ করেন অভিনেত্রী পার্নো মিত্র।

কৌশিক সেনের হুমকির খবর ছড়িয়ে পড়তেই পার্নো মিত্র বলেছিলেন, গণপিটুনি অবশ্যই ভুল। কিন্তু এমন ঘটনার জন্য গোটা দলকে দোষারোপ করা মানে দলের সমস্ত কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল না হওয়া।

অপর্ণা সেন, অঞ্জন দত্ত ও কৌশিক সেনকে উদ্দেশ্য করে পার্নো আরো বলেছেন, গণপিটুনির ঘটনা বহুযুগ ধরে সারা ভারতে হচ্ছে। এর জন্য কোনও এক ব্যক্তিকে বা নির্দিষ্ট কোন দলকে টার্গেট করা অনুচিত। যারাই গণপিটুনির সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া দরকার।

পার্নোর এমন বক্তব্যের পর কৌশিক সেন বেশ বিরক্ত। সহকর্মীকে তিনি বলেছেন, ঘটনাটা গণপিটুনি নিয়ে নয়, হুমকি নিয়ে। কোনও দলের অন্ধ ভক্ত হলে কিচ্ছু দেখা যায় না।

এরপরই কৌশিক সরাসরি প্রশ্ন করেছেন, কথাগুলো বলার আগে কি তিনি যথেষ্ট ‘হোমওয়ার্ক’ করেছিলেন? তাদের চিঠিতে দলিতদের কথা উল্লেখ করা ছিল। পার্নো কি সেটা দেখেননি? অন্যজনের কথা তিনি বলতে পারবেন না।

কিন্তু যেহেতু তিনি পার্নোর সঙ্গে কাজ করেছেন তাই সরাসরি তিনি অভিনেত্রীকে কয়েকটা প্রশ্ন করতে চান?

এরপর তিনি পার্নোকে জিজ্ঞাসা করেন, যখন তিনি কামদুনি গণধর্ষণে নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন, তখন পার্নো কোথায় ছিলেন?

তার প্রশ্ন, পার্নো যখন তার উপর ‘বিশেষ ইস্যু নিয়ে প্রতিবাদের’ অভিযোগ তুললেন তখন কি পুরো হোমওয়ার্ক করেছিলেন?

তিনি ও তার পরিবার সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছেন। আপস করেননি। কিন্তু এই প্রথমবার তাকে ফোন করে বলা হল, ‘হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে দেখতে পাও না? বেশি বাড়াবাড়ি করলে জানে মেরে দেব।’ তিনি বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন। এবার দেখা যাক কী হয়।