স্বতন্ত্র কলেজ প্রতিষ্ঠা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তির মাধ্যমে অনুমোদন সংক্রান্ত জটিলতার সমাধানসহ ৬ দফা দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দিনভর এ কর্মসূচিতে সংশ্লিষ্ট সব বিভাগের শিক্ষার্থী অংশ নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের সেøাগানে বলেন, ‘রক্ত লাগলে রক্ত নে, বৈধতা এনে দে’; ‘ঢাবি ঢাবি ঢাবি চাই, গণতে আর নাই’; ‘ছয় দফা এক দাবি, ফিজিওথেরাপি কলেজ চাই’ ইত্যাদি। একই রকম সেøাগান লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন গণ বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ফিজিওথেরাপি বিভাগ পরিচালিত হয়ে আসছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। বিভাগের অনুমোদনের স্বার্থে স্বতন্ত্র কলেজ প্রতিষ্ঠা করা জরুরি।
ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাসিমা ইয়াসমিন (পিটি) বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে এ সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়। তাছাড়া শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়ে এ বিষয়ে কাজ করে যাচ্ছি। ফিজিওথেরাপি কোর্স পরিচালনার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন-২০০৩ থেকে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো মেডিকেল বা ডেন্টাল ফ্যাকাল্টি অথবা চিকিৎসা সংক্রান্ত কোনো কোর্স যেমন ফিজিওথেরাপি পরিচালনা করা যাবে না।