প্রিয়া সাহার ব্যাপারে হুট করে কোন সিদ্ধান্ত নয়: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নাম ফলক উন্মোচন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

শনিবার দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে এই নাম ফলক উন্মোচন করেন। একইসঙ্গে পার্কের ভেতরে নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেটর সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন খুবই উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। এর ফলে দেশে বিনিয়োগ বাড়ছে। সেই সঙ্গে আমাদের প্রবৃদ্ধিও বাড়ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হাইটেক পার্কে দক্ষ মানবসম্পদ সৃষ্টিসহ বিপুল কর্মসংস্থান হবে। যা এই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগকারী বাংলাদেশি নারী প্রিয়া সাহার ব্যাপারে হুট করে কোন কিছু করবে না সরকার। তবে প্রিয়া সাহার বক্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রসূত বলে মন্তব্য করেন ড. মোমেন।

কোন রাজনৈতিক দলের ইন্ধনে প্রিয়া সাহা এই বক্তব্য দিয়েছেন কি-না জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘এটা আমার জানা নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, বর্তমান সরকারের ঘোষিত রূপকল্প-২০২১ অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সিলেটে দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। এদের কর্মসংস্থানের কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট অঞ্চলে একটি হাইটেক পার্ক প্রতিষ্ঠার কথা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী এই হাইটেক পার্কের ভিত্তি স্থাপন করেছিলেন। এখন এই পার্কের নির্মাণ কাজ শেষের পথে। অচিরেই সিলেটবাসীর স্বপ্ন পূরণ হবে। বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিলেটকে প্রযুক্তি নগরীতে রূপান্তর করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা, সিলেটের বিভাগীয় কমিশনার মো.  মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।