যাত্রাবাড়িতে গৃহকর্তাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা

রাজধানীর যাত্রাবাড়িতে মমিনবাগ এলাকায় মো. মহিবুল্লাহ (৬৫) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত মহিবুল্লাহর বাড়ি লক্ষীপুর জেলার লক্ষীপুর থানার বশিবপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ির মমিনবাগ এলাকার এ/সি-৩৬ নম্বর বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।

ওই বাসায় তিনি স্ত্রী হাসিনা ফেরদৌস (৪৮) ও মেয়ে মহসিনা আফরোজ প্রীতিকে (২৫) নিয়ে বাস করছিলেন। তার অপর মেয়ে হাসনা-হেনা (২৬) শ্বশুরবাড়িতে এবং ছেলে শামিম হাসান (২২) ধানমন্ডিতে একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করছেন।

নিহতের স্ত্রী হাসিনা ফেরদৌস জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসার কলিংবেল টিপে ঘরে ঢুকে ৪/৫ জন মুখোশধারী।

এরপর তারা বাসার সবার হাত-পা বেঁধে ফেলে। এ সময় গৃহকর্তা সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাকে খাটের ওপর ফেলে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে।

ডাকাত দল এরপর নগদ অর্থ ও মালামাল লুট করে বাসা ত্যাগ করে। সকালে ঘরের দরজা খোলা দেখে এলাবাসী ভেতরে এসে গলা কাটা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিনুর রহমান বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছি।