বছরে দুই-একটি আইটেম গান, স্টেজ শো ও রিয়্যালিটি শো’র বিচারক- এভাবেই চলছে মালাইকা আরোরার ক্যারিয়ার। তবে এই মডেল-অভিনেত্রী যতটা না বলিউড ব্যস্ততার জন্য আলোচিত তার চেয়ে বেশি কথা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে।
আরবাজ খানের সঙ্গে দেড় যুগের সংসার ভাঙার পর অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। বলিউডের অতি চর্চিত প্রসঙ্গটিকে ব্যতিক্রম কিছু হিসেবে ভাবছেন না তিনি। বলছেন, সবার জীবনেই দ্বিতীয়বার সুযোগ আসে। সেই সুযোগ কাজে লাগানো উচিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ছাইয়া ছাইয়া গার্ল’ বলেন, “প্রত্যেকের জীবনেই দ্বিতীয়বার সুযোগ আসে। ভালোবাসাও তার ব্যতিক্রম নয়। মনের বন্ধ দরজাটা একবার খুলে দেখুন। জীবন আপনাকে বেঁচে থাকার জন্য দ্বিতীয় সুযোগ দেবে।”
অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে মালাইকা বলেন, “আমরা কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে যথেষ্ট খোলামেলা। নিজেদের যাবতীয় খুশির মুহূর্ত, ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়।”
ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয়দের আরও অনেক বেশি খোলা মনের হওয়া উচিত। জগৎটা অনেক বড়। সহানুভূতি নিয়ে আমরা কেউ বাঁচতে চাই না, কিন্তু সহানুভূতিটুকু অন্তত কাম্য।”
সাক্ষাৎকারটি প্রকাশের পর মালাইকার এই উপলব্ধির প্রশংসা করেছেন অনুরাগীরা।