চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রামে প্রায়ই হাতির আক্রমণে বাড়িঘর ও জিনিসপত্র নষ্ট হচ্ছে। এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। গত শনিবার রাতে হাতির পাল হানা দিয়ে বাণীগ্রামে ছয়টি বাড়িতে ঘরের দরজা-জানালা, টিনের বেড়া, মাটির দেয়ালসহ আসবাবপত্র নষ্ট করে। এ সময় বাসিন্দারা আত্মরক্ষার্থে দিগি¦দিক ছুটতে থাকেন।
জানা যায়, শনিবার গভীর রাতে হাতির পাল ওই গ্রামের বিনোদ বিহারী চৌধুরী, নৃপতি কুমার চৌধুরী, জহরলাল চৌধুরী, হরিরঞ্জন দে, প্রবীর চৌধুরী ও পীষৎ চৌধুরীর বাড়িতে আক্রমণ করে। হাতির পাল ভাঙচুর করে পাহাড়ি এলাকায় চলে যায়। সাধনপুর এলাকার বাসিন্দা পার্থ সারথী চৌধুরী বলেন, বর্তমানে ঘন ঘন হাতির পাল এসে এলাকায় হানা দিয়ে বাড়িঘর-জমি নষ্ট করছে। কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এলাকার সালাহউদ্দিন কামাল বলেন, কদিন আগে হাতির পাল একই এলাকার বিধু জলদাশের বাড়িতে হানা দিয়ে ধান নষ্ট করেছে। অন্যদিকে পুইছড়ির জঙ্গল নাপোড়ায় গত ২১ জুলাই স্থানীয় জাকের হোসেন গরু চড়াতে গিয়ে হাতির আক্রমণে নিহত হন।
এ বিষয়ে জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পাহাড়ে খাদ্যসংকটের কারণে হাতির পাল লোকালয়ে নেমে আসছে। পাহাড়ে হাতির পর্যাপ্ত খাবার সৃষ্টি করতে পারলে এ সমস্যা কমে আসবে।