নাটোরে অধ্যক্ষকে মারধর করায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া দারুল হুদা ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১১টায় নলডাঙ্গা থানার সামনে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসা কমিটির বর্তমান সভাপতি ও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ আহম্মেদ, মাধনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারী অধ্যাপক ফজলুর রহমান, সহকারী শিক্ষক আবদুস সাত্তার ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল কাফি।
নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া দারুল হুদা ফাজিল মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়া চলছিল। স্থানীয় যুবলীগের কর্মী মোহাম্মদ আলী এই কমিটির সদস্য হওয়ার প্রস্তাব দিয়ে অধ্যক্ষকে চাপ দিতে থাকেন। কোনো ক্যাটাগরিতে তাকে সদস্য করতে না পারায় ক্ষিপ্ত হয়ে গত শনিবার বিকেলে অধ্যক্ষ মাদ্রাসা থেকে বের হওয়ার পর প্রকাশ্যে তাকে মারপিট করে আহত করা হয়।